রাজনীতিশিরোনাম

ভিন্নমত পোষণ করলেই স্তব্ধ করে দেওয়া হচ্ছে: ফখরুল

দেশে আজ কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি, সেখানে মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ একেবারে সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চিন্তা, চেতনা ও ধারণাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
তিনি বলেন, আজকে যারা শাসকগোষ্ঠী, তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। খুব দুঃখ হয় যখন দেখি দেশের যারা গুণী মানুষ আছেন, তাদের কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়। যদিও তারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন না।
‘এমন একটি উদাহরণ ব্যারিস্টার মইনুল হোসেন। তাকে শুধু ভিন্নমত পোষণ করার কারণে কারাগারে নিয়ে নিদারুণভাবে নির্যাতন করা হয়েছে’ যোগ করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, যারা লিখেন, কথা বলেন এবং শুভ চিন্তা বা কাজ করতে চান, আজকে তাদেরকেও পর্যুদস্ত করা হচ্ছে। যারা ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায়, তাদেরকে বিভিন্নভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে, স্তব্ধ করে ফেলা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, যাইহোক, এর মধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে। এর মধ্যেই আমাদের কথা বলতে হবে।
এ সময় তিন বলেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবরা সব সময় আসেন না। পৃথিবীতে খুব ক্ষণজন্মা পুরুষ তারা। সে অল্প সময়ে তারা তাদের কী অবস্থা সেটা জানান দিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button