রাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনগুলো।
শুক্রবার সকাল ১০টায় মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলের নেতৃত্ব দেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘রাতের আঁধারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পর এবার ইভিএম দিয়ে ভোট লুটের নতুন আরেকটি বায়োস্কোপ দেখাবেন সিইসি।’
রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নিজের বিবেক বিসর্জন দিয়ে আওয়ামী বিবেক দিয়ে প্রধানমন্ত্রীর মনোবাঞ্ছা পূরণেই কাজ করছেন বলে জনগণ মনে করে।’
তার দাবি, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন চাইতো, তাহলে প্রতিদিন বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর ছাত্রলীগ-যুবলীগের ‘সন্ত্রাসী হামলা’ এবং পুলিশ কর্তৃক নেতাকর্মীদের গ্রেপ্তারে নির্বাচন কমিশন উদাসীন থাকতো না।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকায় দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। এই সিইসির অধীনে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলোতে শুধু একতরফা নির্বাচন, ভোট লুট, রাতের আঁধারে ব্যালটে সিল মারাই নয়, সরকারদলীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও তাণ্ডবের কথা দেশের মানুষ কোনো দিন বিস্মৃত হবে না।’
মিছিলে অংশগ্রহণ করেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক গোলাপ মঞ্জুর, জে এম আনিসুর রহমান, হাজি ফিরোজ কিবরিয়া, রেজাউল করিম রানা, মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জহিরুল ইসলাম বাশার, হান্নান, কবির মাস্টার, ওয়াজেদ আলী, তাঁতি দল সদস্য তাজুল ইসলাম, মৎস্যজীবী সদস্য তানভীর আহমেদ, ছাত্রদল নেতা মামুন হোসেন ভূঁইয়া, রাজু আহমেদ, আখতার আহসান দুলাল, রেজাউল করিম রাজু, আলমগীর কবির, নাসির হোসেন, আকরাম আহমেদ, রতন চিশতী, ফিরোজ মাহমুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button