
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোটের তারিখ পেছানোর দাবিতে আবার শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের পূর্বঘোষিত নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ শাহবাগে থামিয়ে দেয়।
শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে বেলা ২টার দিকে গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সেখানে তাদের বিক্ষোভ চলে।
বিকাল ৩টায় সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস।
বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণার পাশাপাশি ঢাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা।
ঢাকার দুই সিটির ভোটের দিন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার মধ্যে পড়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ডাকসুসহ বিভিন্ন সংগঠন।
আদালত মঙ্গলবার তা খারিজ করে দেয়। ফলে ভোটের তারিখ সেই ৩০ জানুয়ারিই থাকে।
এরপর মঙ্গলবার বিকাল থেকে প্রায় দুই ঘণ্টা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেখান থেকেই বুধবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়।
সে অনুযায়ী বুধবার বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগ দেয় এই কর্মসূচিতে। ঘণ্টাখানেক তারা সেখানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো সিদ্ধান্তকে মেনে নিতে পারে না যাতে সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ ঘটে।




