জাতীয়শিরোনাম

আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং দুঃখিত: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে কমিশনের সমন্বয় সভায় আকস্মিক উপস্থিত হন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এতে সভায় উপস্থিত সবাই হচকিয়ে যান।
কাউকে সুযোগ না দিয়ে মাইক্রোফোনটি নিয়ে কমিশনের সচিব, সব মহাপরিচালক ও পরিচালকদের উদ্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান বলেন, আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং দুঃখিত। আপনারা কি আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই নির্ধারিত সময়ে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কীভাবে ত্রুটিপূর্ণ প্রতিবেদন কমিশনে উপস্থাপিত হয়? এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে দুদকের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। মনে রাখবেন দুদক একটি গণপ্রতিষ্ঠান। জনগণের কাছে দুদকেরও জবাবদিহিতা রয়েছে। তাই আপনাদেরও জবাবদিহিতা করতে হবে।
ইকবার মাহমুদ বলেন, অনুসন্ধান ও তদন্তে টাইমলাইন না মানার জন্য রেকর্ডপত্র সময় মতো না পাওয়ার বিষয়টি আপনার বলে থাকেন। কী ভয়ঙ্কর কথা? কে রেকর্ডপত্র দেয় না? যে বা যারা অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের রেকর্ডপত্র ইচ্ছাকৃতভাবে সরবরাহ করছেন না, তাদের বিরুদ্ধে কেন দুদক আইন, ২০০৪-এর ১৯(৩) ধারায় মামলা হচ্ছে না? ইচ্ছাকৃতভাবে যারা দুদকের অভিযোগ অনুসন্ধান ও তদন্তে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করছেন না, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী মামলা দায়ের করতে হবে। কেউ যেন ছাড় না পায়। আপনারা আইনি দায়িত্ব পালন করবেন। একটিও বেআইনি কাজ করতে পারবেন না।
আইনি দায়িত্ব পালন না করে বসে থাকবেন, এটা কমিশন মেনে নেবে না। এভাবে বেআইনি যুক্তির মাধ্যমে অভিযোগের অনুসন্ধান বা তদন্তে টাইমলাইন না মানার সংস্কৃতি সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, দেশের জনগণ মনে করে সর্বত্রই দুর্নীতি রয়েছে। তাই দুদকের প্রতি তাদের আকাশচুম্বী প্রত্যশা। তাদের চাহিদার তুলনায় কমিশনের জোগান তো নগণ্য। এর দায় কে নেবে? আপনাদেরই নিতে হবে। আপনাদের পদোন্নতি, দেশ-বিদেশে প্রশিক্ষণ সবইতো দেয়া হচ্ছে। তারপরও আপনারা কেন নিজ নিজ দায়িত্ব পালন করবেন না। বছরের শুরুতেই সতর্ক করছি। গুনে গুনে হিসাব নেয়া হবে। কেউ ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে।
প্রসঙ্গত, কমিশন ভবনে সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এর সভাপতিত্বে সমন্বয় বৈঠক শুরু হয় সকাল ১০ টায়। বৈঠক চলাকালে আকস্মিকভাবে বেলা সাড়ে ১১ টায় উপস্থিত হন স্বয়ং দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সভায় উপস্থিত হয়ে মহাপরিচালক ও পরিচালকসহ সব কর্মকর্তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button