চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পা্ওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা সরকারপাড়া গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম রেজা (৩০) এবং দশরশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন আলী (২৩)।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের গরু চোরাকারবারির একটি দল ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।
এতে ঘটনাস্থলে সেলিম ও সুমন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও ৩ জন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার কথা শুনেছেন তারা। তবে নিহতদের পরিবার থেকে বিজিবির কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারা।




