শিক্ষাশিরোনাম

আন্দোলনে উত্তাল ঢাবি, ব্যাট হাতে মাঠে ভিসি

ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করলেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই লিগের উদ্বোধন করার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যে উপাচার্যের ক্রিকেট লিগ উদ্বোধনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তির সঙ্গে ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের সমালোচনায় মুখর হয়েছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধনের সময় উপাচার্যের সঙ্গে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার, শিক্ষক সমিতির নেতা জিয়াউর রহমান প্রমুখ।
এদিকে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ছাত্রীকে আজ দেখতে যাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঘটনার পর রবিবার রাত ও দুপুরে দুইবার দেখে আসলেও আজ হাসপাতালে যাননি তিনি।
সারাদিনে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়েছেন কিনা এমন প্রশ্নে উপাচার্যের প্রটোকল অফিসার আহসানুল কবির মল্লিক বলেন, স্যার গতকাল দুইবার গিয়েছিলেন তবে আজকে যাননি।
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনভর আন্দোলনে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি বিচারের দাবিতে ব্যাচ ভিত্তিকভাবে আন্দোলন-কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে বান্ধবীর বাসা শেওড়া এলাকায় যাচ্ছিলেন ওই ছাত্রী। কিন্তু তিনি ভুল করে কুর্মিটোলা এলাকায় বাস থেকে নেমে পড়েন। এরপর তিনি ধর্ষণের শিকার হন। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button