উপমহাদেশশিরোনাম

চার মাসের মধ্যেই তৈরি হবে রাম মন্দির: অমিত শাহ

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে উত্তাল ভারত। এই ইস্যুতে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দিল্লিতে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আরেক বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী চার মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন অমিত শাহ। সেখানে তিনি চার মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরির ঘোষণা দেন।
বিজেপির নির্বাচনী প্রচারের সবচেয়ে বড়ো অস্ত্র রামমন্দির ইস্যু। ঝাড়খণ্ডেও এই অস্ত্রই ব্যবহার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, ‘সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে রায় দিয়ে দিয়েছে। একশ’ বছর ধরে সব ভারতীয় চেয়েছিল, অযোধ্যায় যেখানে রামের জন্ম হয়েছিল, সেখানে রামমন্দির হোক। কংগ্রেসের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বিরোধিতা করেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, চার মাসের মধ্যে অযোধ্যায় আকাশচুম্বী রামের মন্দির তৈরি হবেই।’
গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রায় অনুযায়ী মোট ২ দশমিক ৭৭ একর জমিতে তৈরি হবে মন্দির ৷ অন্যদিকে মসজিদ তৈরির জন্য বিকল্প জায়গায় ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড।
উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস অযোধ্যার বাবরি মসজিদের জায়গাতে জন্মেছিলেন ভগবান রাম। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতে বর্তমান ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা অযোধ্যার ওই বিতর্কিত জমির ওপর অবস্থিত বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের নানা প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গায় তিন হাজারেরও বেশি মানুষ মারা যান। সম্প্রতি বিতর্কিত ওই জমি সংক্রান্ত মামলার রায় দিলো উচ্চ আদালত। রায় অনুযায়ী বাবরি মসজিদের জায়গাতেই গড়ে উঠতে যাচ্ছে রাম মন্দির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button