টাঙ্গাইল শহরে টানা তিন দিন ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে টাঙ্গাইল শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিন দিন এই ১৪৪ ধারা জারি থাকবে।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান বলেন, একই দিনগুলোতে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতির ঘটতে পারে। তাই বিষয়টি চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশপাশের এলাকায় টানা ৩ দিন ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই তিনদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আদেশ পালিত হবে।
এদিকে ১৪৪ ধারা জারির পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি চলছে পুলিশি টহল।
শহরের অধিকাংশ প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আমরা জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী। তিনি সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।
বাপ্পী হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ এখন শেষ পর্যায়ে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ‘শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের’ ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার কবর জিয়ারত, বাপ্পী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালি এবং পরদিন শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে আলোচনা সভা। দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে জনমনে।




