রাজনীতিশিরোনাম

‘আমি সাক্ষ্য দিচ্ছি, একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। কিন্তু সত্য অস্বীকার করবো না। আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি মানুষ।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়। উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়। উন্নয়ন মানে মতপ্রকাশের স্বাধীনতা হরণ নয়। উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস কমিয়ে দেওয়া নয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশে রাশেদ খান মেনন বলেন, আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, আজিজ কমিশনকে ঘেরাও করেছি, আমরা এককোটি ১০ লাখ ভুয়া ভোটার তালিকা ছিঁড়ে ফেলে নির্বাচন বর্জন করেছি মনোনয়ন জমা দেওয়ার পরও। আজকে কেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারছে না?’
তিনি বলেন, আজকে ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। সেই দুর্নীতিবাজদের বিচার কবে হবে, তাদের সাজা কবে হবে, তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে?
মেনন বলেন, দেশে আজ উন্নয়ন হচ্ছে। এর সঙ্গে দুর্নীতির প্রতিযোগিতা, লুটপাটের মহোৎসব চলছে। এতে দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে না।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আনিছুর রহমান মল্লিক টিপু সুলতান,শান্তি দাস ও আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button