রাজনীতিশিরোনাম

‘ভিন্ন মতের জন্য মেরে ফেলার অধিকার কারো নেই’-ওবায়দুল কাদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘পিটিয়ে হত্যা’র রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ সেপ্টেম্বর, সোমবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবরার ফাহাদকে ‘পিটিয়ে হত্যা’ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারো নেই। কাজেই এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে দেশে যে শুদ্ধি অভিযান, দুর্বৃত্তায়ন বা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছে তার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এ সময় বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে শুদ্ধি অভিযানের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্পর্ক কী? এ যোগসূত্রটা তারা কোথা থেকে আবিষ্কার করলেন। এর তো কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। এর রহস্যটা কী?’
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হল থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে হলের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে আবরারের শরীরে অনেক আঘাতের চিহ্ন পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বলেন, ‘আবরারের পুরো শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। ব্যথা এবং রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাঁশ, ক্রিকেট স্ট্যাম্প জাতীয় বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তার হাত, পা এবং পিঠে আঘাতের চিহ্ন ছিল।’
এদিকে এ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েট শাখা ছাত্রলীগের ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। আটককৃতদের মধ্যে আছেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহসভাপতি সম্পাদক ফুয়াদ হোসেন। সোমবার সকালে তাদের আটক করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button