চীনের যে বিমানবন্দরে ধরবে ৯৮টি স্টেডিয়াম

প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান আয়তনের ৭ লাখ বর্গমিটারের মেগা বিমানবন্দর দাক্সিং উদ্বোধন করেছে চীন। আজ ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পিপলস রিপাবলিক অব চীনের ৭০ বছর পূর্তি। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার প্রেসিডেন্ট শি জিন পিং বেইজিংয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই মেগা বিমানবন্দরটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
চায়না ডেইলি জানায়, ৭ লাখ বর্গমিটার আয়তনের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। এটি নির্মাণে ১১ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বিমানবন্দরটির নকশা করেছেন ইরাকি বংশোদ্ভূত খ্যাতিমান স্থপতি জাহা হাদিদ। স্টার ফিশের সাথে নকশাটির মিল থাকায় ইতোমধ্যে চীনা মিডিয়ায় এই মেগা বিমানবন্দরটি ‘স্টার ফিশ’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
বলা হচ্ছে, নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। ২০২৫ সাল নাগাদ ১৭ কোটি যাত্রী ব্যবহার করবেন এই বিমানবন্দর।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, দাক্সিং দিয়ে আজ থেকে অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক ইতিমধ্যেই এখান তাদের রুট পরিকল্পনা দিয়েছে।
বেইজিংয়ের বিখ্যাত তিয়েনআনমেন স্কয়ার থেকে মাত্র ৪৬ কিলোমিটার দক্ষিণে এই দাক্সিং বিমানবন্দরটির অবস্থান।




