
অর্থ লুটপাটের দায় নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (ইটিআই) মহাপরিচালক মোস্তাফা ফারুকসহ নির্বাচন কমিশনের ৪ কর্মকর্তাকে বদলি (স্টান্ড রিলিজ) করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) তাদের বর্তমান কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। তা না হলে চার কর্মকর্তা বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
এরআগে মঙ্গলবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বদলির আদেশ জারি করেন।
সূত্র জানায়, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ইটিআই’র মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণের নামে সম্প্রতি ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ ওঠে।
ইটিআই’র মহাপরিচালক মোস্তাফা ফারুককে ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারকে ইটিআইয়ের মহাপরিচালক, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে নির্বাচন কমিশনের পরিচালক এবং নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

পূর্বপশ্চিম




