
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসছে। এ সংক্রান্ত সুপারিশগুলো আমরা কেবিনেটে পাঠাবো। সেখানে আলোচনা হবে, তারপর প্রধানমন্ত্রীর এর অনুমোদন দেবেন। এরপর গেজেট আকারে তা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত সুপারিশ কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়েছে। তবে, এটিই চূড়ান্ত প্রতিবেদন নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। কারণ, তারাই এ কমিটি গঠন করেছে।
কাদের বলেন, প্রধানমন্ত্রী (৫ আগস্ট) দেশে ফিরলে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নবম ওয়েজবোর্ড শুধু পত্রিকার জন্য। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা আইন হবে। এখন এ আইনটি মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে আছে।
বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




