
তিনদিনের সফরে গত মঙ্গলবার দুপুরে নৌপথে বরিশাল আসেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আসার পর তিনি বরিশালের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতি পূর্ণ এলাকাগুলো পরিদর্শনে যান। মিয়া বাড়ির মসজিদ, অক্সফোর্ড মিশন চার্চ, মৎস্য অবতরণ ও ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজারসহ আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
তবে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেও ডিঙ্গি নৌকায় চড়ে ভিমরুলির খালে ভাসমান পেয়ারা বাজার ও সবজি বাজার বেশি উপভোগ করেন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূত চাষীদের সঙ্গে কথা বলেন, জানার চেষ্টা করেন তাদের সুখ-দুঃখের কথা।

এরপর ভাসমান এই পেয়ারা হাটের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ‘বরিশালের মানুষ অত্যন্ত বন্ধু সূলভ। এখানকার প্রকৃতিও যেমন সুন্দর। এখানকার মানুষ তেমন আন্তরিক। তিনদিনের টানা সফর আমাকে মুগ্ধ করেছে।’
এসময় ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।




