বান কি মুন ঢাকায় আসছেন আজ, রানি ম্যাক্সিমা কাল

তিন দিনের সফরে সোমবার ( ৮ জুলাই) ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন।
মঙ্গলবার (৯ জুলাই) থেকে ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন তিনি।
মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইনেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।
এদিকে তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। তিনি আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ‘ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে।
সফরকালে রানি ম্যাক্সিমা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করবেন।
রানী ম্যাক্সিমা বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমানসহ বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার, সুশীল সমাজের নেতা এবং বেসরকারি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও রানী ঢাকার বাইরে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
রানী ম্যাক্সিমা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। রানীর সফরকে আগেই ভিআইপি সফর ঘোষণা করেছে সরকার। ফলে ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’ (এসএসএফ) তার নিরাপত্তার আয়োজন করবে। রানী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ১৯শে নভেম্বর দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী, ঢাকা অবস্থানকালে ডাচ রানী হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আসছেন ডাচ রানী ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট। তিনি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন।
বর্তমানে বিশ্বে রেমিট্যান্স লেনদেনে খরচ ৮ থেকে ১০ শতাংশ হয়ে থাকে। তা ৫ শতাংশে নামিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। এক্ষেত্রে কোথায় খরচগুলো হচ্ছে তা চিহ্নত করা নিয়ে কাজ করছে জাতিসংঘ। রানীর বাংলাদেশ সফর বিশ্বের সকল মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির সচেতনতা তৈরির প্রয়াসের একটি অংশ।
রানী ম্যাক্সিমা ২০০৯ সালে জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট উদ্যোগের বিশেষ অ্যাডভোকেট নিযুক্ত হয়েছেন।
উল্লেখ্য রানী ম্যাক্সিমা এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন।



