
চলতি বছরেই যমুনা নদীর ওপর পৃথক রেল সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি নতুন আরও ১৫ জেলায় রেল যোগাযোগ চালু করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২১ জুন) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ল্ডে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।
বঙ্গবন্ধু সেতুর ওপর নতুন রেল সেতু বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেল সেতু বানাতে চাই। ডুয়েল গেজ বিশিষ্ট ডাবল রেল লাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণ কাজ শেষ হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ৪৪টি জেলায় সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। আমাদের অনেক প্রকল্প রয়েছে, নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আমরা নতুন করে আরও ১৫টি জেলাকে রেলে সম্পৃক্ত করতে চাই। তাছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। চট্টগ্রামের সব রেল ডাবল লাইনে রূপান্তর করা হবে।




