জাতীয়শিরোনাম

বুধবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীতে বুধবার (২৯ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। ওইদিন ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস-এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি বলে জানিয়েছেন তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান। তিনি বলেন, এই কাজটি বুধবার করা হবে।
তিতাসের এই কর্মকর্তা বলেন, গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময় সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবো।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button