জাতীয়শিরোনাম

দেশে ফিরলেন ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার ভোরে তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ৯ মে গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা দেন ৭৫ অভিবাসী। যার মধ্যে ৫১ জন ছিলেন বাংলাদেশি। গভীর সাগরে তাঁদের বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। এতে ৬৫ জন প্রাণ হারান।
ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ জনই ছিলেন বাংলাদেশি। পরে সরকারের পক্ষ থেকে নিহত ৩৯ বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করা হয়।
বিবিসির খবরে বলা হয়, গভীর সাগরে তাঁদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে সেটি সাগরে ডুবে যায়। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, ঠাণ্ডা সাগরের পানিতে তাঁরা প্রায় আট ঘণ্টা ভেসে ছিলেন।
ওই দুর্ঘটনাকে এ বছর জানুয়ারির পর থেকে সবচেয়ে মারাত্মক অভিবাসী নৌকাডুবির ঘটনা বলেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
একটি ভালো জীবনযাপনের আশায় ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে যাওয়ার পথ বেছে নেয় বিপুলসংখ্যক বাংলাদেশি। প্রায়ই অনেকে সমুদ্রে ডুবে নিহত হন। জাতিসংঘের তথ্যমতে, এ বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে কমপক্ষে ১৬৪ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button