দূর্ঘটনাশিরোনাম

খিলগাঁও বাজারে আগুন, পুড়ে ছাই ৪০ দোকান

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত। দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংস্থাটি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে জানান, কামারপট্টি বাজারের আগুন ভোর সোয়া পাঁচটায় নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার জানান, তারা বাজারে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা তা নিয়ে আজ সকালে সমিতির পক্ষ থেকে মিটিং-এ বসার কথা ছিল। তার আগেই আগুন লেগে গেলো।
রাজধানীর বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের পর এবার আগুন লাগল খিলগাঁও কাঁচাবাজারে।
গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।
খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার বলেছেন, অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মিটিং এ বসার আগেই আগুন লেগে গেলো। বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কামারপট্টি বাজারে প্রায় ১৩শ ছোট ছোট দোকান ছিল। তার মাঝে আনুমানিক ৪০টির মত দোকান পুড়েছে আগুনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button