বিনোদন

মায়ের বাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে সারা

বিনোদন দুনিয়ায় ঝড় তুলে ২০১৮ সাল শেষ করেছেন সারা আলি খান। ৭ ডিসেম্বর মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত সারার প্রথম ছবি ‘কেদারনাথ’, জয় করেন দর্শক ও চিত্রসমালোচকদের হৃদয়। এ ছবিতে তিনি ব্রাহ্মণ পণ্ডিতকন্যা মন্দাকিনী মুক্কুর চরিত্রে অভিনয় করেন, যে কি না প্রেমে পড়েছিল মুসলিম ধর্মাবলম্বী মনসুরের। এই চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত।
২৮ ডিসেম্বর মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত সারার দ্বিতীয় ছবি ‘সিম্বা’। তাঁকে ‘পদ্মাবত’ তারকা রণবীর সিংয়ের বিপরীতে দেখা যায়। ছবিটি ভারতের বক্স অফিস সংগ্রহে অতিক্রম করে ২০০ কোটি রুপির মাইলফলক, আন্তর্জাতিক বাজারে আয় করে ৩৫০ কোটি রুপির বেশি।
নিঃসন্দেহে বলা যায়, নবাগত হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সারা। আর মুম্বাইয়ে নতুন একটি অ্যাপার্টমেন্ট কেনার সমূহ সামর্থ্য আছে এই তরুণীর।
হয়েছেও তা-ই। নতুন বছরে ‘নতুন শুরু’ হলো হালের আবেদনময়ীর। মা অমৃতা সিংয়ের বাড়ি ছেড়ে নিজের কেনা অ্যাপার্টমেন্টে উঠেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফুলের টব থেকে শুরু করে গাড়িভর্তি বিপুল জিনিসপত্রসহ মায়ের বাড়ি থেকে বের হওয়ার ছবি অন্তর্জালে ভাইরাল হয়। আলোচনা চরমে ওঠে, কোথায় চলেছেন সারা? একা থাকার জন্য মায়ের বাড়ি ছেড়ে তিনি কি নতুন বাড়িতে উঠছেন?
অবশেষে আজ ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে এ গুঞ্জনের সত্যতা প্রকাশ করলেন সারা আলি খান নিজেই।
‘এখানেই নতুন শুরু!’, নিজের নতুন ঘরে তোলা হাসিমাখা ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দিয়েছেন সারা। তাঁর পাশে রয়েছে কয়েকটি বক্স, যেগুলোর মুখ খোলা হয়নি। এক ঘণ্টায় ছবিটিতে লাইক পড়ে সাড়ে চার লাখের বেশি, আর তিন ঘণ্টায় ছাড়িয়েছে ১০ লাখ।
বি-টাউনে এখন চলছে সারার গুণকীর্তন। বড় বড় মূলধারার পরিচালক তাঁকে চলচ্চিত্রে নিতে মুখিয়ে আছেন। ‘সিম্বা’ পরিচালক রোহিত শেঠি তো বলেছেনই, সুপারস্টার হওয়ার সব গুণই আছেন সারার। আর নবাবজাদিও উপভোগ করছেন তুমুল জনপ্রিয়তা।
শোনা যাচ্ছে, ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারাকে। প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন কারিশমা কাপুর। বলা হচ্ছে, জুলাইয়ে শুটিং শুরু হবে এবং আগামী বছর মুক্তি পাবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button