‘কাউকে হয়রানি নয়, সেবক হিসেবে কাজ করুন’

কাস্টমস অফিসারদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কাউকে হয়রানি করবেন না। জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর’র অধিকাংশ কর্মকর্তাই সৎ। তবে এখনও শোনা যায়, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হন।
তিনি বলেন, কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে। আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছি। এখন আর ব্যবসায়ীরা হয়রানির শিকার হন না। কারণ সব কিছু এসআইকোডা সিস্টেমে হচ্ছে। ফলে ব্যবসায়ীরা আগে যে হয়রানির কথা বলতেন সেটা এখন আর নেই।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, কাস্টমস জননিরাপত্তায় বন্দরে বন্দরে কাজ করছে। বিভিন্ন দেশ থেকে আসা নানা পণ্য বা মেডিসিন সামগ্রীতে যেন ক্ষতিকর কিছু না থাকে সেদিকেও কাস্টমস সজাগ দৃষ্টি রাখছে। একই সঙ্গে রাজস্ব আহরণেও কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি ত্বরান্বিত করতে রাজস্ব আহরণের বিকল্প কিছু নেই।
SMART borders for seamless Trade, Travel and Transport’ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হচ্ছে একাদশ আন্তর্জাতিক কাস্টমস দিবস।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি দুদক কার্যালয়, মৎস্য ভবন হয়ে হাইকোর্টের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড় হয়ে এনবিআর ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালিতে এনবিআর চেয়ারম্যান, এনবিআর সদস্য, কাস্টমস কমিশনার ছাড়াও চিত্র নায়ক ফেরদৌস, ফজলুর রহমান বাবু, ওমর সানী, মৌসুমী, পূর্ণিমা, নৃত্য শিল্পী নাদিয়া, সোহেলসহ অনেকে অংশ নেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের সফলতা কামনা করে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।




