খেলা

ম্যাচসেরা মিরাজ : সিরিজসেরা সাকিব

দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই টেস্ট ম্যাচেই নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। আর দ্বিতীয় টেস্টের নায়ক বলা চলা মেহেদী হাসান মিরাজ একাই। এমন পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন তাঁরা দুজনেই।
দ্বিতীয় টেস্টের সবচেয়ে বেশি উইকেট শিকারি মিরাজ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ইনিংসে মাত্র ১৬ ওভার বল করেই সাত উইকেট পেয়ে নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। তাঁর ইনিংসসেরা বোলিংয়ের তোপেই ফলো অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। ফলে এক টেস্টে দুবার পাঁচ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার হিসেবে নাম লিখিয়েছেন মিরাজ। এই টেস্টে মোট ১২ উইকেট পেয়েছেন তিনি। প্রথম বোলার অবশ্য অগ্রজ সতীর্থ সাকিব।
অসাধারণ নেতৃত্ব এবং ব্যাট হাতে দলের জন্য অবদান রেখে অধিনায়ক সাকিব সিরিজসেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট নিয়েছেন সাকিব, ব্যাট হাতে করেছিলেন ৩৫ রান। দ্বিতীয় টেস্টেও ৮০ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দিতে ভূমিকা রেখেছেন সাকিব। প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংসের প্রথম ব্রেক থ্রুও এনে দিয়েছিলেন তিনি। দলকে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পরও এমন পারফরমেন্স নজর কেড়েছে ভক্তদের।
আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সেখানেও সাফল্যের ধারাবাহিকতা তাঁরা ধরে রাখতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button