ঐক্যফ্রন্টে আবু সাঈদ

ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাঈদ। সোমবার দুপুরে আরামবাগে গণফোরামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্টে যোগ দেন তিনি।
গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু সাঈদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের সাবেক এই তথ্য ও গবেষণা সম্পাদক।
অধ্যাপক আবু সাঈদ ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
আবু সাঈদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন। ২০১৩ সালে আবু সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: এ ডিপ্লোমেটিক ওয়ার’।




