খেলাশিরোনাম

সৌম্যের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো বিসিবি একাদশ

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন বাংলাদেশে। সিরিজ শুরুর আগে শুক্রবার(১৯ অক্টোবর) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে সফরকারীরা। তবে প্রস্তুতিটা খুব একটা আশাজনক হল না জিম্বাবুয়ে ক্রিকেট দলের জন্য। বাংলাদেশি পেসারদের বোলিং তোপে ১৭৮ রানে অলআউট হয় তারা। এরপর বোলিংয়েও একেবারেই সুবিধা করতে পারেনি মাসাকাদজারা। সৌম্য সরকারের ব্যাটের সামনে আট উইকেটের হেরেছে জিম্বাবুয়ে।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) তিন নাম্বার মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথম চার ওভারের মধ্যেই হারায় ২ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এক সময় ৪৭ রানেই ৫ উইকেট হারায় তারা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মাসাকাদজা এবং চিগুম্বুরা। তাদের ১২৪ রানের উপর ভর করেই ১৭৮ রানের স্কোর গড়ে জিম্বাবুয়ে।
পেসার ইবাদাত হোসেন নেন ৫ উইকেট, এছাড়া সাইফউদ্দীন নিয়েছেন ৩ উইকেট। জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা শতকের দেখা পেয়েছেন।
জবাবে জয়ের জন্য ব্যাট করতে নেমে মিজানুর রহমান ও জাতীয় দলে সুযোগ পাওয়া ফজলে রাব্বী খুব একটা ভালো করতে পারেননি। মিজানুর রহমান রান আউটের ফাঁদে পড়ে আউট হন। অন্যদিকে ফজলে মাহমুদ রাব্বী সিকান্দার রাজার বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
এরপরই শুরু হয় সৌম্য সরকারের ঝড়। প্রথমে দেখেশুনে রান তুলেন। এরপর ক্রমান্বয়ে ঝড় তুলেছেন। শেষ পর্যন্ত ১০২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচ হবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button