জাতীয়

সঠিক চিত্র তুলে ধরুন: সাংবাদিকদের স্থানীয় সরকারমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হলুদ সাংবাদিকতা নয়, সমাজের সঠিক চিত্র তুলে ধরাই সংবাদপত্র ও সাংবাদিকদের কর্তব্য। সরকারের ইতিবাচক সমালোচনা ও ভুল-ক্রটি ধরিয়ে দিয়ে উন্নয়নের মহাযাত্রায় অংশ নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সমাজের সবচেয়ে সচেতন অংশ। তারা জাতি গঠনে অতীতে যেভাবে ভূমিকা রেখে এসেছেন, আগামীতেও আমাদের সকল শুভ উদ্যোগে সেভাবেই অনুপ্রেরণা যোগাবেন- এটিই প্রত্যাশা ।’
সংবিধানের বাধ্যবাধকতায় আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যেসব উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছিল, তার অনেকগুলো এখনও অসমাপ্ত রয়ে গেছে। তাই আমাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করে সংসদ সদস্য এবং পরে মন্ত্রী হয়েছিলাম বলেই গত ১০ বছরে আমি ফরিদপুরের এত উন্নয়ন করতে পেরেছি।’
তিনি বলেন, ‘আমার যে বয়স হয়েছে, এ অবস্থায় আপনাদের কাছে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আপনাদের দিতে চাই। আমার নির্বাচন করার মোটেও ইচ্ছে ছিল না। কিন্তু কিছু কাজ বাকি থাকায় নির্বাচন করতে হচ্ছে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা আমার বিরোধিতা করুন, তবে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করবেন না। বিরোধিতা করতে হবে আমার দোষ-ত্রুটি দূর করতে।’
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। মঞ্চে ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান প্রমুখ ।
ঢাকাটাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button