রাজনীতিশিরোনাম

হাতেগোনা আন্দোলনকারী : তবুও অবরুদ্ধ শাহবাগ

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাতেগোনা কয়েকজন আন্দোলনকারী। এদের মধ্যে আবার অনেকেই আসা-যাওয়ার মধ্যে আছেন।
রোববার সকাল থেকে শাহবাগ মোড়ে কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের ব্যানারে অবরোধ তৈরি করে ১০/১২ জন আন্দোলনকারী। পরে প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠনের ব্যানারে প্রতিবন্ধীরা অবরোধে যোগ দিলে আন্দোলনকারীর সংখ্যা বাড়ে।
লোক সমাগম কিছুটা বাড়লে দুপুরের দিকে বিক্ষোভ সমাবেশ করেন অবরোধকারীরা। এসময় ছয় দফা দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেন, আমাদের দাবি ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাদের কটূক্তি বিচার, মুক্তিযোদ্ধা পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার বিচার প্রশাসনে রাজাকার ও রাজাকারদের সন্তানদের তালিকা করে বরখাস্ত করা, এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
তিনি বলেন, যত দিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে, তত দিন পর্যন্ত শাহবাগে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লাগাতার কর্মসূচি ও সারা বাংলাদেশে একই কর্মসূচি পরিচালনা করা হবে।
এদিকে পুলিশের সহায়তায় সড়ক ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে অবরোধ কর্মসূচি পালন করায় শাহবাগের মোড় থেকে চারদিকের সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে লোকজন চরম ভোগান্তির শিকার হয়। হাতেগোনা কয়েকজন আন্দোলনকারীর জন্য দূর্ভোগের শিকার অনেকেই এই অবরোধ কর্মসূচির সমালোচনায় মেতে ওঠেন। কেউ কেউ তাদের শাহবাগের রাস্তা আটকে কর্মসূচি থেকে সরিয়ে অন্যত্র অবস্থানের ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব পালনরত পুলিশকে অনুরোধ জানান। তবে পুলিশ ছিল নির্বিকার। পূর্বপশ্চিম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button