খেলা

ভারত-আফগানিস্তান ম্যাচ টাই!

প্রতিপক্ষ আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির বিপক্ষে ভারতের সহজেই জয় পাওয়ার কথা। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে সে দলটির বিপক্ষে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের একেবারে কাছাকাছি গিয়েও পারেনি। ম্যাচটি টাই হয়েছে।
আজ মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২৫২ রান গড়ে। এর জবাবে ভারত সবকটি উইকেট হারিয়ে ২৫২ রানে গিয়ে থামে।
আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা শেষ দিকে একেবারেই নাজেহাল ছিল। একপর্যায়ে মনে হয়েছিল, ভারতের জয় পাওয়া কঠিনই হয়ে যাবে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে, ম্যাচটি অমীমাংসিত থেকেছে।
দুই ওপেনার লোকেশ রাহুল (৬০) ও আম্বাতি রাইডু (৫৭) শুরুটা বেশ ভালোই করেছিলেন। এরপর দিনেশ কার্তিক ৪৪ রান করে ফিরে গেলে ভারত কিছুটা চাপে পড়ে যায়। পরে রবীন্দ্র জাদেজা ২৫ রানের ইনিংস খেলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।
আফতাব আলম, মোহাম্মদ নবি ও রশিদ খান দুটি করে উইকেট নিয়ে ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়ান। জাভেদ পান একটি উইকেট।
এর আগে ওপেনার মোহাম্মদ শাহজাদের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করেই আফগানিস্তান ২৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ১১৬ বলে ১২৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন, যাতে ১১টি চার ও সাতটি ছক্কার মার রয়েছে।
অবশ্য মাঝখানে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে তারা কিছুটা বিপদে পড়লেও একপাশ আগলে রাখেন শাহজাদ। তাঁকে যোগ্য সাপোর্ট দেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি ৫৬ বলে ৬৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আর নাজিবুল্লাহ জাদরান ২০ বলে ২০ রান করেন।
রবীন্দ্র জাদেজা ৪৬ রানে তিনটি ও কুলদীপ যাদব ৩৮ রানে দুই উইকেট নেন। এ ছাড়া খলিল আহমেদ, দিপদ চাহার ও কেদার যাদব একটি করে উইকেট পান।
সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে শেষ হয়ে গেছে আফগানিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন। আজ তাই নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই ভারতের মোকাবিলায় নামে তারা।
যদিও তারা গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল। তবে ক্রিকেটবিশ্বকে নিজেদের সামর্থ্যের জানানও দিতে সক্ষম হয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button