উপমহাদেশশিরোনাম

পিয়ন পদে আবেদন করেছেন ৩৭০০ পিএইচডি ডিগ্রিধারী

ভারতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। এ কারণে বাড়ছে কম যোগ্যতার চাকরির জন্য উচ্চশিক্ষিতদের আবেদন। সম্প্রতি উত্তরপ্রদেশে পুলিশের টেলিকম শাখায় পিয়ন পদের জন্য আবেদন করেছেন পিএইচডি ডিগ্রিধারীরাও।
পুলিশ বিভাগের সূত্রে জানা গেছে, ৬২ জন পিয়ন নিয়োগে বিজ্ঞপ্তি ছাড়ে পুলিশের টেলিকম শাখা। বিজ্ঞপ্তিতে এই পদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পঞ্চম শ্রেণি পাস। এরপর শুরু হয় আবেদন জমা পড়া। এই পদের জন্য সর্বমোট ৯৩ হাজার ৫০০ আবেদন জমা পড়েছে।
রোববার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই আবেদনকারীদের মধ্যে ৫০ হাজারের বেশি স্নাতক, ২৮ হাজার স্নাতকোত্তর ও ৩৭০০ পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন। বিপুলসংখ্যক অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর আবেদন পাওয়ায় পরীক্ষা পদ্ধতি বদলানোর কথা ভাবছে সংশ্লিষ্ট দপ্তর।
পুলিশ বিভাগের সূত্র জানিয়েছে, ১২ বছর পর রাজ্যটির ৬২টি পিয়নের পদ শূন্য হয়। চাকরিটি অনেকটা পোস্টম্যানের মতো। নিয়োগ পাওয়া ব্যক্তিকে পুলিশের টেলিকম বিভাগের বার্তা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যেতে হবে।
বিপুল সংখ্যক উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর আবেদনের প্রবণতার জন্য বাজারে চাকরির অভাবকেই দায়ী করছেন পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তা ছাড়া পিয়ন পদের হলেও চাকরিটি পূর্ণকালীন সরকারি। আর শুরুতেই বেতন ২০ হাজার রুপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button