বিনোদন

‘মি-টু’ আন্দোলনের সূচনাকারী অভিনেত্রী আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ

হলিউডের প্রযোজক হার্ভি ওয়েইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ‘মি-টু’ আন্দোলনের সূচনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই ইটালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধেই এবার যৌন কেলেংকারির অভিযোগ উঠেছে।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, আসিয়া আর্জেন্টো তার বিরুদ্ধে যেন যৌন হামলার অভিযোগ না করা হয়, সেজন্যে অভিনেতা এবং রক সঙ্গীত তারকা জিমি বেনেটকে ৩ লাখ ৮০ হাজার ডলার দিয়েছিলেন।

জিমি বেনেট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর আসিয়া আর্জেন্টো এই অর্থ দেন।

শিশু অভিনেতা জিমি বেনেটের সঙ্গে একটি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আসিয়া আর্জেন্টো
শিশু অভিনেতা জিমি বেনেটের সঙ্গে একটি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আসিয়া আর্জেন্টো

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা ঘটেছিল ক্যালিফোর্নিয়ার এক হোটেলে। তখন আসিয়া আর্জেন্টোর বয়স ছিল ৩৭ আর জিমি বেনেটের বয়স ১৭ বছরের সামান্য বেশি। আসিয়া আর্জেন্টো হোটেল কক্ষে জিমি বেনেটকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় আইন অনুযায়ী যৌনকর্মে সম্মতির ন্যূনতম বয়স হচ্ছে ১৮ বছর।

জিমি বেনেটের বয়স এখন ২২ এবং আসিয়া আর্জেন্টোর ৪২।

এই অভিযোগের ব্যাপারে মন্তব্যের জন্য নিউ ইয়র্ক টাইমস আসিয়া আর্জেন্টো এবং তার প্রতিনিধির সঙ্গে বার বার যোগাযোগ করেও কোন সাড়া পায়নি বলে জানাচ্ছে।

যে চুক্তির অধীনে জিমি বেনেটকে চুপ থাকার বিনিময়ে ৩ লাখ ৮০ হাজার ডলার দেয়া হয়েছে, তা এ বছরের এপ্রিল মাসে চূড়ান্ত করা হয় বলে টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়।

এই অভিযোগের সমর্থনে বিছানায় শুয়ে দুজনের তোলা একটি সেলফি এবং আরও কিছু ডকুমেন্ট নিউ ইয়র্ক টাইমস তাদের হাতে এসেছে বলে দাবি করছে।

আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধেই এবার যৌন হামলার অভিযোগ উঠেছে
আসিয়া আর্জেন্টোর নিজের বিরুদ্ধেই এবার যৌন হামলার অভিযোগ উঠেছে

জিমি বেনেট এবং আসিয়া আর্জেন্টো ২০০৪ সালে ‘দ্য হার্ট ইজ ডিসিটফুল এবাভ অল থিংস’ বলে ছবিতে কাজ করেন। ছবিতে আসিয়া আর্জেন্টো অভিনয় করেছিলেন জিমি বেনেটের মায়ের ভূমিকায়।

‘মি-টু’ আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আসিয়া আর্জেন্টো ছিলেন এর সবচেয়ে শক্তিশালী কন্ঠগুলোর একটি। তিনি অভিযোগ করেছিলেন, ২১ বছর বয়সে যখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে যান, তখন হার্ভি ওয়েনস্টেইন তাকে একটি হোটেল কক্ষে ধর্ষণ করেন।

আসিয়া আর্জেন্টো যখন হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন, তারপরই জিমি বেনেট আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button