বিনোদন

কেমন আছেন সোনালি বেন্দ্রে?

এ মাসের শুরুর দিকে সিনেভক্তদের মনে শোকের ছায়া নেমেছিল একসময়ের বলিউড কাঁপানো তারকা সোনালি বেন্দ্রের ক্যানসারের খবরে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে সোনালি নিজেই অসুখের কথা জানান। তিনি জানিয়েছিলেন, লড়াই চালিয়ে যাওয়ার কথা। এখন তিনি কেমন আছেন?
সোনালিভক্তরা মুখিয়ে আছেন তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে। সবাই চান দ্রুতই আরোগ্য লাভ করে ভক্তদের মাঝে ফিরে আসুন সোনালি। আর তাই সোনালির স্বজনদের কাছেও হানা দেন সাংবাদিকসহ ভক্তরা। এবার সোনালির ননদিনী সৃষ্টি আর্য জানালেন তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৃষ্টি আর্য বলেন, ‘তিনি (সোনালি বেন্দ্রে) ভেঙে পড়ছেন না।’ তিনি আরো বলেন, ‘কর্কট রোগে আক্রান্ত কারো পক্ষে শক্ত থাকা ও আশা না হারানো সত্যিই কঠিন কাজ, কিন্তু সোনালি নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।’
গত ৪ জুলাই বেন্দ্রে জানান, তাঁর ক্যানসার ধরা পড়েছে এবং নিউইয়র্কে তাঁর চিকিৎসা চলছে। সেই সময়ও তিনি বলেছিলেন, ‌মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাচ্ছেন।
ওই পোস্টে সোনালি লেখেন, ‘যখনই তুমি খারাপ কিছু আশা করবে না তখনই জীবন তোমাকে বাঁকা পথে নিয়ে যাবে। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষায় আমার চূড়ান্ত পর্যায়ে ক্যানসার ধরা পড়েছে এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা আমি কখনোই আশা করিনি। একটা ব্যথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতেই ক্যানসার ধরা পড়ে। আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে আছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এখন এটা মোকাবিলা করা ছাড়া অন্য উপায় নেই। চিকিৎসকরা যতটা সম্ভব দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আমি বর্তমানে নিউইয়র্কে চিকিৎসারত। তবে আমি আশাবাদী ও প্রতি পদক্ষেপে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
সোনালি বলেন, ‘বিগত দিনে যে আমি ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে সাহায্য করবে। আমি কৃতজ্ঞ। আমি এ যুদ্ধ গ্রহণ করেছি। আমি জানি আমার শক্তি আছে, কেননা আমার পাশে আছেন আমার পরিবার ও বন্ধুরা।’
সোনালি বেন্দ্রে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি বিয়ে করেন পরিচালক গোল্ডি বহেলকে।
সোনালি ভারতীয় মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তামিল, তেলুগু, মারাঠি ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে ‘আগ’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয়যাত্রা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button