আন্তর্জাতিক সংবাদ

শনিবার ঢাকা আসছেন জাতিসঙ্ঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ শনিবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। একই সময়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিন ইয়ং কিমেরও ঢাকা আসার কথা রয়েছে। তারা দু’জনই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
জাতিসঙ্ঘ মহাসচিবের দায়িত্ব নেয়ার পর অ্যান্তোনিও গুতেরেজের এটিই প্রথম বাংলাদেশ সফর। এক সময় তিনি জাতিসঙ্ঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রধানের দায়িত্ব পালন করেছেন। ইউএনএইচসিআরের প্রধান থাকাকালে ২০০৮ সালে একবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। রোহিঙ্গা ইস্যুতে গুতেরেজ আন্তর্জাতিক ফোরামে সোচ্চার ভূমিকা রাখছেন।
অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিন ইয়ং কিম দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন। গত বছর জুনে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি দিতে তিনি ঢাকা এসেছিলেন। এবারের সফরে কিম রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের বড় অঙ্কের সহায়তা ঘোষণা করতে পারেন।
বাংলাদেশ সফরকালে জাতিসঙ্ঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাতিসঙ্ঘ মহাসচিব এবং অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বৈঠক করবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button