বিএনপি ছাড়াই নির্বাচন করতে চায় সরকার : নজরুল

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আজ এক সভায় বলেন, বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করবে। তবে বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভবনা নাই। আর তারা জানে, বেগম জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেগম জিয়াকে বেআইনীভাবে আটকে রাখতে চায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া আগামী ৮ মে সঠিক সিদ্ধান্ত পাবেন প্রত্যাশা ব্যক্ত করে নজরুল ইসলাম খান বলেন, আগামী ৮ মে জামিন শুনানি আছে। আমরা আশা করছি, সেই শুনানিতে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো। ইতিমধ্যে অন্যান্য মামলায় বেগম জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করবো, সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও কোনো নির্দেশনা দিতে পারে।
আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাসসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়া। এছাড়া সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের এই ধরনটাই জানে বা বুঝে, আর কোন ধরন জানে না- সেটা তো ঠিক না। সুতরাং প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে। আর সেই পরিবর্তন হবে, বেগম জিয়া, তারেক রহমান ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী।
বেগম জিয়াকে আইনী প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনী প্রক্রিয়ায় না হলে, এরপরে কি করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।




