দূর্ঘটনাশিরোনাম

বাসের চাপায় পা হারানো রোজিনা আর নেই

রাজধানীর বনানিতে বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তার মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার রক্তে সেপ্টিসিমিয়া জীবানুর সংক্রমনে যে জ্বর হয়েছে সেটা না সারার কারণে মৃত্যু হয়েছে বলে জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বুধবার দুপুরে রোজিনার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে বার্ন ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেখানে ড. সামন্ত লাল সদস্য হিসেবে ছিলেন।

কতটা অনিরাপদ ঢাকার গণপরিহণ

তবে সেপ্টিসিমিয়া থেকে জ্বর ও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা দেখা দেয়ায় তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। পরে আজ সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত ২০ এপ্রিল রাতে বনানির চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বিআরটিসি বাস রোজিনাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে যাওয়ার পর বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে গেলে পা’টি হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে দুই দফার অস্ত্রোপচার শেষে তার পা হাটুর অংশ কেটে ফেলেন চিকিৎসকরা। কিন্তু পরবর্তীতে সেখানে পচন ধরা শুরু হলে পুরো পা বিচ্ছিন্ন করা হয়।

তবে শরীরে সেপ্টিসিমিয়া জ্বর বাসা বাধার কারণে তার শরীরের পচন নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না। এতে শারীরিক অবস্থার দিন দিন অবনতি হতে থাকে বলে জানান ড. সামন্ত লাল।

এ ঘটনায় বনানি থানায় মামলা করা হলে পুলিশ ঘাতক বাস চালককে গ্রেফতার করে।

২১ বছর বয়সী রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তিনি ১০ বছর ধরে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। মহাখালিতে আত্মীয়ের বাসা থেকে গুলশানে সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

এর আগে বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিবিসি ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button