আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উত্তর কোরিয়ায় সিআইএ প্রধান: কী কথা হয়েছে কিম জং আনের সঙ্গে গোপন বৈঠকে

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পিও এক গোপন সফরে উত্তর কোরিয়া গিয়ে ওই দেশটির নেতা কিম জং আনের সাথে সাক্ষাৎ করেছেন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট প্রথম এ খবর দেয়। পরে বার্তা সংস্থা রয়টারও জানায় উর্ধতন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, মি. পম্পিও তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমানযোগে পিয়ংইয়ং যান। এর ক’দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মি. পম্পিওর নাম ঘোষণা করেছিলেন।
নাম প্রকাশ না-করা কর্মকর্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং আনের মধ্যে এ বছর মে বা জুন মাস নাগাদ সরাসরি যে শীর্ষ-বৈঠক হবার কথা – তার প্রস্তুতি হিসেবেই ওই সাক্ষাৎ হয়।
হোয়াইট হাউস এ নিয়ে কোন মন্তব্য করে নি।
মি. ট্রাম্প নিজেও কিছুদিন আগে বলেছেন, তারা উত্তর কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
তবে সিআইএ প্রধানের এই পিয়ং ইয়ং সফর হচ্ছে ২০০০ সালের পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

আরো খবর পাওয়া গেছে যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও উত্তর কোরিয়ায় এক সফরে যাবার পরিকল্পনা করছেন। কয়েক সপ্তাহ আগেই কিম জং আন নিজেও বেজিং সফর করে এসেছেন।
আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের এক শীর্ষ বৈঠক হবার কথা এবং এতে সামনে রেখেই নানামুখী ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বছরই জুন মাসে বা তার আগেই মি. কিমের সাথে এক বৈঠক করবেন বলে পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০০০ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট পিয়ং ইয়ং গিয়ে কিম জং আনের পিতা তৎকালীন উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সাথে বৈঠক করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button