অর্থনৈতিক সংবাদশিরোনাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্য স্টিল পাইপের প্রথম চালান গেল ভারতে

টানা ১৩ দিন আশুগঞ্জ নৌবন্দরে আটকে থাকার পর আজ বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্যের স্টিল পাইপের একটি চালান গেছে ভারতের ত্রিপুরায়। নির্ধারিত মাসুল আদায়ের পর ছাড়পত্র নিয়ে আজ দুপুর ১২টায় প্রথম চালানে ৫টি টেইলরে করে ৯৩.৪৩ মেট্রিক টন স্টিল পাইপ সরাসরি চলে গেছে ত্রিপুরায়।
এই ট্রানজিট পণ্যের সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, আজ ট্রানজিট পণ্যের প্রথম চালানে ৯৩.৪৩ মেট্রিক টন ওজনের ১৭৯টি স্টিল পাইপ নিয়ে সরাসরি ৫টি টেইলর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। প্রতিটি পাইপের ওজন ৫২২ কেজি করে।
তিনি আরো জানান, গত ১ মার্চ ট্রানজিট পণ্যের ৫৫৬ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে এমভি-৩ নামে একটি ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। জাহাজটি ভারত কোলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে আসে। ত্রিপুরার নির্বাচন পরবর্তী সহিংতার কারণে এই ট্রানজিট পণ্য পারাপার আটকে থাকে। ত্রিপুরার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মঙ্গলবার রাতে জাহাজ থেকে মাল খালাস করে টেইলরে লোড করা হয়। আজ বুধবার ভোরে সড়ক পথে আশুগঞ্জ থেকে মাল নিয়ে টেইলর চলে আসে আখাউড়া স্থলবন্দরে। মালের মাসুল আদায় ও আনুষঙ্গিক কাজ শেষে ছাড়পত্র নিয়ে টানা ১৩ দিন পর আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে সরাসরি মাল চলে যায় ভারতের ত্রিপুরা রাজ্যে।
এই মালের দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো: নুরুজ্জামান জানান, শুল্ক ফি, রোড চার্জ ও বন্দর ব্যবহার চার্জ মিলিয়ে প্রতি মেট্রিক টন ট্রানজিট পণ্যের জন্য ১৯২ টাকা ২২ পয়সা মাসুল আদায় হয়েছে।
তিনি আরো জানান, এই মালের আরো একটি চালান আগামীকাল বৃহস্পতিবার ভারতের ত্রিপুরায় যাবে। শুক্রবার ট্রানজিট পণ্য পারাপার বন্ধ থাকবে, রোববার থেকে পর্যায়ক্রমে সব মাল চলে যাবে ভারতের ত্রিপুরায়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, নির্ধারিত মাসুল আদায় শেষে ছাড়পত্র নিয়ে ট্রানজিট পণ্য ভর্তি ৫টি টেইলর ভারতে ত্রিপুরায় প্রবেশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button