
সিঙ্গাপুরে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তিনটি আন্ডারগ্রাউন্ড ক্যাবল টানেল তৈরি করছে দেশটির সরকার। তারা বলছে আগামী বছরের শেষদিক থেকে ওই টানেল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। সম্প্রতি দেশটির সিঙ্গাপুর পাওয়ার (এসপি) গ্রুপ এ ঘোষণা দিয়েছে। এই ক্যাবল টানেল শেষ করতে পাঁচ বছর লাগবে। খরচ হবে ২৪০ কোটি ডলার। আর টানেলগুলোর আয়ু হবে ১২০ বছর।
টানেলের বেশিরভাগই মাটি থেকে ৬০ মিটার নিচে, যা ২০তলা ভবনের সমান। তবে সবচেয়ে গভীর পয়েন্ট হবে ৮০ মিটার। যা দেশটিতে এ যাবতকালের সবচেয়ে গভীরতম। ওই টানেলে এক হাজার দুইশ কিলোমিটার লম্বা হাই-ভোল্টেজ বিদ্যুৎ ক্যাবল থাকবে। যেটি সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরের দূরত্বের তিনগুণ। উত্তর-দক্ষিণ টানেল, পূর্ব-পশ্চিম টানেল ও জুরঙ দ্বীপ-পায়নিয়র টানেল এ বছরের শুরুতে শেষ হয়েছে। তবে ক্যাবল বসানো শেষ হবে ২০২২ সালে।
এই ক্যাবলগুলো আগের পুরনো আটটি সার্কিটের পরিবর্তে বসানো হবে। মাটির এতটা নিচে হওয়ায় রাস্তায় খোঁড়াখুঁড়ি ও মানুষকে বিরক্ত না করেই সেখানে প্রয়োজন মতো মেরামত ও পরিবর্তন করা যাবে। পরে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহও করা যাবে। শুধু তাই নয় যন্ত্রপাতি মেরামতের জন্য লাইভ কভারেজের ব্যবস্থা থাকবে।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া



