খেলা

চার্লস-ম্যাককালামের তাণ্ডবে রংপুরের ১৯২

এলিমিনেটরে ১২৬ রানের ইনিংস খেলে ক্রিস গেইল রোববার আউট হয়েছিলেন তিন রানে। তার অভাবটা পূরণ করেছেন জনসন চার্লস। রংপুর রাইডার্সের হয়ে তুলে নিলেন সেঞ্চুরি। সঙ্গে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সবমিলিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯২ রান সংগ্রহ করল মাশরাফি বিন মুর্তজার দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সাত ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান নিয়ে ইনিংস শুরু করে রংপুর রাইডার্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি রিজার্ভ ডেতে গড়ালে যতদূর খেলা হয়েছিল সেখান থেকেই শুরু হয়। মাশরাফিদের হাতে ছিল ১৩ ওভার ও নয়টি উইকেট। সুযোগটা ভালই কাজে লাগিয়েছে তারা। মাত্র ৭৮ বলে ১৩৭ রানের ঝড় তুলেছে। উইন্ডিজ ওপেনার জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের ১৫১ রানের জুটি কুমিল্লার বোলারদের একরকম পাড়ার বোলার বানিয়ে ছাড়ে।
৪৬ রানে অপরাজিত থাকা চার্লস এদিন ৬৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইনিংসজুড়ে ছিল নয়টি চার ও সাতটি ছক্কা। এলিমিনেটরে খুলনা টাইটান্সের বিপক্ষে এক রানে সাজঘরে ফেরা কিউই কিংবদন্তি ম্যাককালামের শুরুটা ধীর হলেও শেষ পর্যন্ত চার্লসের সঙ্গে তিনিও ঝড় তুলেছেন মিরপুরে। ৪৬ বলে খেলেছেন ৭৮ রানের ইনিংস। দলীয় ১৭৮ রানের মাথায় ম্যাককালাম হাসান আলীর স্লোয়ারে বোল্ড হয়ে ফিরলে উইকেটে আসেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। কিন্তু রানের খাতা খোলার আগেই সাইফউদ্দিনের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠে নামলেও কোন বল খেলার সুযোগ পাননি। তার আগেই শেষ হয়েছে নির্ধারিত ২০ ওভার।
সবমিলিয়ে ১৯২ রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি মাশরাফির দলকে। বল হাতে রংপুরের বিপক্ষে মেহেদী হাসান, হাসান আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে সোমবার বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। টসে হেরে আগে ব্যাট করতে নামা রংপুর সাত ওভারে ৫৫ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বিপিএলের বাইলজ অনুযায়ী কার্টেল ওভার, সুপারওভারের নাটকীয়তা কাটিয়ে দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ নেওয়া হয় সোমবারে।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button