সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারে কীটনাশকমুক্ত কুমড়ার বাম্পার ফলন

বালিয়াকান্দিতে চলতি মৌসুমে কীটনাশকমুক্ত মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কুমড়ার বাজারমূল্য ভাল থাকায় প্রতিবছর কুমড়ার আবাদ বৃদ্ধি পেলেও এবার অতিবৃষ্টিতে কম লাভের আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, তারা দুই মাসের এই কুমড়া আবাদে কোনো কীটনাশক ও সার প্রয়োগ না করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যাবহারের মাধ্যমে প্রতিবিঘা জমিতে তিন থেকে চার হাজার কুমড়া উৎপাদন করছেন। যার বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। এতে তাদের খরচ হচ্ছে মাত্র দেড় হাজার টাকা।
তারা জানান, প্রথম দিকে ভাল ফলন ও দাম পেলেও শেষের দিকে অতিবৃষ্টিতে কুমড়ায় পচন ধরে কিছুটা ক্ষতি হয়েছে। এ কারণে তারা কম লাভের আশংকা করছেন।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, জুন জুলাই মাসে খরিপ-১ ও খরিপ-২ মৌসুম। এ সময় এই অঞ্চলের কৃষকেরা বেশি লাভের জন্য মিষ্টি কুমড়ার আবাদ করে থাকে। মিষ্টি কুমড়া আবাদে খরচ একেবারেই কম। আর কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে মিষ্টি কুমড়া চাষে সেক্স ফরোমন পদ্ধতির ব্যপারে বিভিন্ন পরামর্শ প্রদান করায় কৃষকেরা বেশি লাভবান হচ্ছে।
রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে এবার রাজবাড়ীতে এক হাজার ১৯ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ১৯৮ মেট্টিক টন।




