আন্তর্জাতিক সংবাদ

উদ্বাস্তুদের নিরাপদে ফেরার সুযোগ দিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

রাখাইন রাজ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করে উদ্বাস্তুদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে ঘরে ফেরার সুযোগ দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দফতর থেকে দেয়া এক মিডিয়া নোটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আনান কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে রাখাইন রাজ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা আনতে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে মানবিক চাহিদা মেটাতে সহায়তা কর্মীদের অবাধ প্রবেশাধিকার দেয়া প্রয়োজন। সঙ্কট মোকাবেলায় দাতাগোষ্ঠিকে আরো আর্থিক সহায়তা দেয়ার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মিডিয়া নোটে বলা হয়েছে, ২৫ আগস্ট রাখাইন সঙ্কট অবনতির পর যুক্তরাষ্ট্র চার কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে। এটা নিয়ে চলতি বছর বার্মার অভ্যন্তর ও বাইরে বাস্তুচ্যুত মানুষদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার পরিমাণ দাড়ালো ১০ কোটি ৪০ লাখ ডলার। যুক্তরাষ্ট্র এসব সহায়তা উদ্বাস্তু বিষয়ক জাতিসঙ্ঘ হাইকমিশনার (ইউএনএইচসিআর), জাতিসঙ্ঘ শিশু তহবিল (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম), বিশ্ব খাদ্য সংস্থাসহ (ডাব্লিউএফপি) মাঠ পর্যায়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দিয়ে থাকে। এর মাধ্যমে পাঁচ লাখের বেশী উদ্বাস্তেুর জন্য জরুরি আশ্রয়স্থল নির্মাণ, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং মনঃস্তাত্বিক সমর্থন দেয়া হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button