তারা উদ্দেশ্যমূলকভাবে নাটক সৃষ্টি করেছেন : জয়নুল আবেদীন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে আলোচনা করার মাধ্যমে রাষ্ট্রপতি ঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। তিনি আরো বলেন, প্রধান বিচারপতি এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নাটক সৃষ্টি করা হয়েছে।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) প্রধান বিচারপতিকে বাদ দিয়ে অন্য বিচারপতিদের ডেকে নিয়েছেন এবং তারপর তাদের বুঝিয়েছেন। এটা সংবিধানে নেই।’
আইনমন্ত্রীর বক্তব্য সম্পর্কে জয়নুল আবেদীন বলেন, ‘আইনমন্ত্রী ৯৭ অনুচ্ছেদ সম্পর্কে যে ব্যাখ্যা বললেন, তারা যে গেজেট করলেন (জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি ঘোষণা করে গেজেট প্রকাশ) তার কোনো বিধান নেই। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, তারা উদ্দেশ্যমূলকভাবে নাটক সৃষ্টি করেছেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে গেজেট প্রকাশের কোনো বিধান নেই। যদি পদটি (প্রধান বিচারপতির) শূন্য হতো তাহলে শপথ পড়ানোর প্রয়োজন আছে। ভারপ্রাপ্তকে তো শপথ পড়ানো হয়নি। তিনি তাই প্রধান বিচারপতি নন। সংবিধানের এই ভায়োলেশন (লঙ্ঘন) জাতির জন্য খুবই দুঃখজনক।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে শতাধিক আইনজীবী বার ভবনের সামনে মানবন্ধন করেন।এতে বক্তব্য রাখেন তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, সাইফুর রহমান, রফিকুল হক তালুকদার রাজা, কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, শরিফ ইউ আহমেদ প্রমুখ।




