ইসরাইলি বিমান ঘাঁটির ভেতরে স্থায়ী সামরিক ঘাঁটি বসাল আমেরিকা

আমেরিকা ইহুদিবাদী ইসরাইলে স্থায়ী সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে। ইসরাইলি বিমান বাহিনীর একটি ঘাঁটির ভেতরে মার্কিন এই সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিরুদ্ধে তেলআবিবকে বাড়তি নিরাপত্তা মার্কিন স্থায়ী এ ঘাঁটি দেবে বলেও দাবি করা হয়েছে।
যৌথ ভাবে ঘাঁটির উদ্বোধন করেন ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জেভিকা হাইমোভিচ এবং মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জন গ্রোনস্কি। জেনারেল হাইমোভিচ সাংবাদিকদের বলেন, ইসরাইলের কোনো ঘাঁটিতে এই প্রথম মার্কিন পতাকা উড়ছে। এ ঘাঁটি উদ্বোধনকে তিনি, তার ভাষায়, ঐতিহাসিক এবং উত্তেজনাপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করেন।
দিমোনা এবং ইরুচাম শহরের পশ্চিমে ইসরাইলি মাশাবাবিম বিমান ঘাঁটির ভেতরে মার্কিন স্থায়ী ঘাঁটি স্থাপন করার দাবি করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে তেলআবিব-ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বজায় থাকায় ইসরাইলি বিমান প্রতিরক্ষা স্কুলের ভেতর মার্কিন সেনাবাহিনীর প্রথম স্থায়ী ঘাঁটি স্থাপন করা হয় বলে স্বীকার করেন জেনারেল হাইমোভিচ। রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিরুদ্ধে ইসরাইলে নিরাপত্তার আরেকটি স্তর মার্কিন ঘাঁটি যোগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘাঁটিতে কয়েক ডজন মার্কিন সেনাও মোতায়েন করা হবে এবং ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ড বা ইউকোম ‘ঘাঁটির ভেতরে ঘাঁটির’ সব তৎপরতার দায়িত্বে নিয়োজিত থাকবে।#
সুত্র : পার্সটুডে




