জাতীয়শিরোনাম

দুদকের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান

দেশ সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ আমন্ত্রণে কমিশনের সেগুন বাগিচাস্থ প্রধান কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। এ সময় কমিশনের চেয়ারম্যান নন্দিত এই ক্রিকেটারকে ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সাকিব আল হাসানকে উদ্দেশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধ করার চেষ্টা করছি। আপনারা বিশেষ করে আপনি বাংলাদেশকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আমরা গর্বিত। দেশকে আরো কিছু দেয়ার জন্য আপনার এখনই উত্তম সময়। আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। আপনার কারণে যদি দেশের ১০টি তরুণ সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সেটাও বিশাল প্রাপ্তি। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের যেকোনো কর্মসূচিতে আমি আসব। আমরাও চাই দুর্নীতিমুক্ত দেশ। আমরা যখন কোনো দেশের অভিবাসন দপ্তরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।’
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরো বলেন, দুর্নীতি আমাদের দেশের মানুষের জন্য একটি লজ্জার বিষয়। এই লজ্জা থেকে মুক্তির জন্যই দুর্নীতি দমন কমিশন কাজ করছে। কমিশনের অন্যতম কাজ হচ্ছে মানুষকে দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন বার্তা পৌঁছে দেয়া। যাতে দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই মানুষ সচেতন হয় । কমিশন চেষ্টা করছে দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করতে।
গত বছর দুর্নীতির সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এর অর্থ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কিছু ইতিবাচক কার্যক্রম হচ্ছে। ঘুষ নিতে ঘুষখোর কর্মকর্তারা ভয় পাচ্ছেন। অনেক রাঘব-বোয়াল এখন দুদকের জালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button