জাতীয়শিরোনাম

প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরীর প্রতি সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন

প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর প্রতি তার সহকর্মীসহ সকল পর্যায়ের সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার বিকেলে তার লাশ জাতীয় প্রেসক্লাবে আনা হলে সেখানে তার সহকর্মী সাংবাদিক, সর্বস্তরের সংবাদকর্মী এবং ভক্ত-অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সালেহ চৌধুরীর অবদানের জন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান এবং সালাম জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে উপস্থিত ছিলেনÑ দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদ ফরিদা ইয়াসমিন, সাংবাদিক হাসান শাহরিয়ার, বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হারুন হাবিব, বাংলাদেশ নিউজের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মরহুমের বাসভবনের কাছে একটি মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সোহেল হায়দার চৌধুরী সালেহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায়, আগামীকাল সুনামগঞ্জের দিরাই উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button