বিনোদন

মুম্বাইয়ের রেডিও জকিকে মশার লার্ভা নিয়ে নোটিশ

ভারতের মুম্বাইয়ে এফ এম চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একজন রেডিও জকি, মালিশকা মেনডোনসা মুম্বাইয়ের পুরসভাকে নিয়ে ঠাট্টা করে একটি গান গাওয়ার পর এখন তাদের কাছ থেকে আইনি নোটিশ পেয়েছেন।
এই নোটিশে অভিযোগ আনা হয়েছে, মালিশকার মুম্বাইয়ের বাড়িতে পরীক্ষা চালিয়ে দেখা গেছে সেখানে ফুলগাছের টবে মশার লার্ভা পাওয়া গেছে – আর তাই তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৮১বি ধারা ভেঙেছেন।
আর জে মালিশকা (এই নামেই তিনি অনুগামীদের কাছে বেশি পরিচিত) দিনকয়েক আগে ‘মুম্বাই তুলা বিএমসি পর ভরসো নায়ে কা’ নামে একটি গান গেয়েছিলেন – যা সোশ্যাল মিডিয়াতে অসম্ভব জনপ্রিয় হয়েছে।
এই গানটায় হালকা রসিকতার ছলে বিএমসি বা মুম্বাইয়ের পুরসভাকে দায়ী করে বলা হয়েছিল, প্রতি বছর বর্ষায় মুম্বাই শহর ভেসে যায় – মানুষের ভোগান্তির কোনও শেষ থাকে না – কিন্তু পুরসভার কি কোনও হেলদোল নেই?
গানটা বেরোনোর পর থেকেই মুম্বাইয়ের আমজনতা থেকে সেলিব্রিটি, সবাই তা নিয়ে চর্চা করছেন। সবার মুখে মুখে ফিরছে ‘মুম্বাই তুলা বিএমসি পর ভরসো নায়ে কা’ – অর্থাৎ মুম্বই, তোমার কি বিএমসি-র ওপর কোনও ভরসা নেই?
শহরের বেশির ভাগ মানুষের গানটা ভীষণ পছন্দ হলেও পুরসভার কর্পোরেটররা অনেকেই অবশ্য এটা সহজভাবে নিতে পারেননি।
বিএমসি বা মুম্বাই পুরসভার ক্ষমতায় আছে হিন্দুত্ববাদী দল শিবসেনা – তাদের একাধিক নেতা দাবি জানিয়েছেন এই অপমানজনক গান গাওয়ার জন্য আর জে মালিশকা ও তার রেডিও চ্যানেলের বিরুদ্ধে পাঁচশো কোটি রুপি-র মানহানির মামলা রুজু করা হোক।

প্রতি বছরের বর্ষাতেই ভেসে যায় মুম্বাই, নাকাল হন শহরবাসীরা

মুম্বাই শহরে এবারের বর্ষায় মানুষের ভোগান্তি কম হবে বলে শিবসেনা আশ্বাস দিয়েছিল, কিন্তু অবস্থা রয়ে গেছে যে-কে-সেই।
তবে তারা যে আর জে মালিশকার গানে যে প্রবল চটেছেন, সেটা স্পষ্ট।
বিএমসি শেষ পর্যন্ত মানহানির মামলা না-করলেও আর জে মালিশকার পালি নাকা এলাকার অ্যাপার্টমেন্টে পুলিশ পাঠিয়ে তার মা-র হাতে নোটিশ তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, ছতলার ওই ফ্ল্যাটবাড়িতে রুটিন পরীক্ষা চালিয়ে দেখা গেছে বাড়ির ভেতর ফুলগাছের টবে আর বারান্দায় একটা মাটির পাত্রে অ্যাডিস মশার লার্ভা মিলেছে।
আর জে মালিশকা-র অগণিত রেডিও ভক্ত অবশ্য মনে করছেন মশা-ফশা আসলে কিছু নয়, বিএমসি-কে বিদ্রূপ করে গান গাওয়ার জন্যই তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে পুরসভা।
রেডিওর ফোন ইনে তারা তাদের সেই ধারণার কথা খোলাখুলি বলছেনও।
আর জে মালিশকা নিজে অবশ্য বলিউডের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন। এখনও দেশে না-ফেরায় এই ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
সুত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button