বেরোবিতে ৭ দফা দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধিঃ সেশনজট নিরসন, আবাসিক হলে ভর্তুকি প্রদান, ক্যাফেটেরিয়া চালু, ক্যাম্পাসে স্থায়ী দোকান চালু, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহ ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
বিক্ষোভ শেষে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নিকট ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতারা। তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় প্রক্টর মীর তামান্না ছিদ্দিকার স্মারকলিপি গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘প্রতিষ্ঠার ১০ বছরেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষার্থীদের কোন নিরাপত্তা নেই। সেশনজটের কারণে অনেক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ হচ্ছে। এমতবাস্থায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বসে থাকতে পারে না। তাই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নেমেছে।’




