
গল্ফের মাঠ ফুটবল বা ক্রিকেট খেলার মাঠ নয়। তাতে খেলাধুলো হয় ঠিকই, তবে সেখানে অন্য সব প্রাণীর থাকতে কোনো মানা নেই। এই তো গত বছর ফ্লোরিডার এক গল্ফ মাঠে দাপিয়ে বিচরণ করে জনৈক অ্যালিগেটর সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। তা নিয়ে হইচই বিস্তর হলেও তেমন কোনো বিপদের আশঙ্কায় আঁতকে ওঠেননি কেউই। কারণ অ্যালিগেটর দেখতে যত ভয়ানকই হোক না কেন, সে তেমন কিছু গোলমেলে জীব নয়। না ঘাঁটালে সে আগ বাড়িয়ে কিছু করে না। ফ্লোরিডার গল্ফ মাঠের গল্পটা এমনধারা হলেও, সাউথ আফ্রিকার মালালানে-র গল্ফ মাঠের কাহিনি মোটেই সুবিধের নয়।
মালালানে-র গল্ফ মাঠটি বিশ্ববিখ্যাত অরণ্য ক্রুগার ন্যাশনাল পার্কের সন্নিহিত। ফলে এখানে বন্যপ্রাণের দেখা মেলা তেমন জটিল কিছু নয়। কিন্তু এই মাঠের ১৪ নম্বর গর্তটিকে মাঠের খেলোয়াড়রা এড়িয়ে চলেন। তাদের মতে, ওই গর্তটি ‘সাক্ষাৎ মৃত্যুর গহ্বর’। কারণ ওই গর্তে বাস করে বিশ্বের অন্যতম বিষধর সাপ ব্ল্যাক মাম্বার একটি যুগল।
সম্প্রতি মাঠের খেলোয়াড়দের স্তম্ভিত করে সেই সাপদু’টি উঠে এসেছিল মাঠে। তার পরে তাদের মধ্যে শুরু হয় প্রবল লড়াই। সেই সময়ে মাঠে উপস্থিত অনেকেই এই লড়াইয়ের ভিডিও রেকর্ড করেন নিজেদের মোবাইলে। কারা তেহরানে নামক জনৈকা তার তোলা ভিডিও-টি ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে ওঠে। খবর প্রকাশিত হতে থাকে একের পরে এক সংবাদমাধ্যমে। এই লড়াই দেখার পরে ওই মাঠে গল্ফ খেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বলেও কারা জানিয়েছেন।
ব্ল্যাক মাম্বার লড়াইয়ের এই দৃশ্য সত্যিই বিরল বলে জানিয়েছেন সর্প-গবেষক মেলিসা অ্যামারেলো। তার মতে, সাপ সাধারণত সঙ্গিনীর অধিকারের জন্যই লড়াই করে। তা হলে কি ওই মাঠে আরও একটি সর্পিনী রয়েছে? আশঙ্কাতেই আধখানা গল্ফ ক্লাবের সদস্যরা।




