যমুনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির লাশ ৫৪ ঘণ্টা পর বুধবার উদ্ধার করা হয়েছে।
গত সোমবার সকাল ১১টার দিকে আরিচা লঞ্চঘাট জামে মসজিদের মুয়াজ্জিন মানিক মিয়া (৬০) নিখোঁজ হন।
জানা গেছে, শিবালয় গ্রামের মৃত গণি মিয়ার পুত্র মানিক মিয়া আরিচা লঞ্চ ঘাটের কাছে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। স্থানীয় লোকজন ও ডুবুরী দল দু’দিন সন্ধান চালায়। বুধবার বিকেল ৫টার দিকে নদীতে তার লাশ ভেসে উঠে।
উল্লেখ্য, যমুনা নদীর এ পয়েন্টে বর্ষা মওসুমের পূর্বে মানুষ ও পশু নিখোঁজের অহরহ ঘটনা ঘটছে। গত দুই বছরে ওই স্থানে ট্রাক চালক রজব আলী, ট্রান্সপোর্ট শ্রমিক আলাল শেখ গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে তাদের লাশ ভেসে ওঠে। একইভাবে দুটি গরু ও একটি মহিষ নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে মৃলাশ ভেসে ওঠে। এ ঘটনার পর থেকে নদীতে গোসল করতে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন।।



