প্রথম আন্তর্জাতিক শিরোপা ভলিবলে

ভলিবলে প্রথম কোন আন্তর্জাতিক শিরোপা পেল বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু সিনিয়র মেনস এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
টুর্নামেন্টের গত আসরে কিরগিজস্তানের কাছেই হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। টানা চার ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী মঞ্চে আসা কিরগিজস্তান এবারের ফাইনালেও ছিল ফেভারিট। কিন্তু মঙ্গলবার খেলা গড়ানোর পর দেখা গেল ভিন্ন চিত্র। আত্মবিশ্বাসে ফুটতে থাকা সোহেল-মাসুদ-জাবিররা চেপে ধরেন অতিথিদের। প্রথম দুই সেট জিতে নেয় বাংলাদেশ। তৃতীয় সেটে খেলোয়াড় আহত হওয়ায় হার মেনে নেয় কিরগিজস্তান।
আসলে ৮ খেলোয়াড় নিয়ে এসেছিল দলটি। কিন্তু টুর্নামেন্টে সব মিলিয়ে তিন জন চোট পাওয়ায় পাঁচ জন নিয়ে খেলা সম্ভব হয়নি তাদের পক্ষে।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাইদ আল জাবির দেশকে প্রথম আন্তর্জাতিক ভলিবল শিরোপা উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের হরষিত বিশ্বাস।




