মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলায় একটি কাঠের ফার্নিচারের দোকানের ঝুলন্ত এলইডি বাল্বের ভেতর থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার কুনকুনিয়া গ্রামের ওই দোকানে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রেপ্তার সবুজ আহমেদ কাজিপুর উপজেলার ছালাভরা (কসাইপাড়া) গ্রামের মৃত আলামিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কুনকুনিয়া গ্রামের ওই কাঠের ফার্নিচারের দোকানে অভিযান চালায় কাজিপুর থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সবুজ আহমেদকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ও দেখানো মতে দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় থাকা একটি এলইডি বাল্ব খুলে তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কাজিপুর থানা পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

