শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ নামে এক যুবককে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখিরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে মাসুদ রানা পালিয়ে যান। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

